Image description

কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার জিংলাতলী গ্রামের নজরুল ইসলাম (৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বাড়ি থেকে বের হন ওই দম্পতি। একপর্যায়ে তারা মহাসড়কের হরিপুর মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটক করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

ঢাকাটাইমস