Image description

দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লাখ ছাড়াল। এদিকে নিশ্চিত হাম ও হাম উপসর্গ মিলে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ০৫ হাজার ৭৯৯ জন।

এদিকে, (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা—দুই হাজার ১৬৭ জন। এর ফলে এবার মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে—১ লাখ ১ হাজার ৪৪২ জন। এছাড়া এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরো চার জনের। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মৃত্যু হলো ৩০৭ জনের।

গতকাল সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে  পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 ডেঙ্গুতে মৃত্যু হওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩০৭ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৭ শতাংশ। আর মাসের হিসেবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই জনের মৃত্যু হয়েছে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক জন ও জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর পরিস্থিতির অবনতি হতে শুরু করে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়।

হাম পরিস্থিতি

এদিকে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪২১ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং হাম উপসর্গে মৃত্যু হয়েছে ১ হাজার ৬০ জনের।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।