Image description

দেশে এ বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। চলতি বছরের শুরু থেকে সোমবার (১২ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।


গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৭১ জন, ময়মনসিংহ বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৭ জন, খুলনা বিভাগে ২৯৮ জন, রাজশাহী বিভাগে ২৫৩ জন, রংপুর বিভাগে ৯২ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮০৪ জন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৭ জনের মৃত্যু হয়েছে।