দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন শিশু রয়েছে। সম্প্রতি হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এসব শিশুর কল্যাণ ও সর্বোত্তম স্বার্থ বিবেচনায় তাদের পছন্দের নিকটাত্মীয়ের কাছে অথবা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ করেছে সংস্থাটি।
সোমবার (১২ অক্টোবর) আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের নিয়মিত খোঁজখবর নেওয়া হয়। তাদের জন্য খেলনা, পোশাক ও শিশুখাদ্যের ব্যবস্থাসহ প্রয়োজনীয় বিষয়ে নজর রাখা হচ্ছে। তবে শিশুদের ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ বিবেচনায় নিকটাত্মীয় অথবা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ করেছে সমাজসেবা অধিদপ্তর।
এর আগে গত ১৫ জুন দেশের বিভিন্ন কারাগারে মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও বয়সের বিস্তারিত তথ্য জানতে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট।
তবে এখনো সেই প্রতিবেদন দাখিল করেনি কারা কর্তৃপক্ষ।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার করা এক রিটের পরিপ্রেক্ষিতে ওই দিন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং রুল জারি করেন।
রুলে কারাগারে থাকা শিশুদের নিরাপত্তা, কল্যাণ, শিক্ষা, সুষ্ঠু বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত শুনানি হওয়ার কথা রয়েছে।কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত দেশের ৭৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে ছিল ২৯৯টি শিশু। তাদের মধ্যে ১৫৩ জন মেয়ে এবং ১৪৬ জন ছেলে। এসব শিশুর মায়েদের বেশির ভাগই মাদক মামলার আসামি। তাঁদের কেউ সাজা ভোগ করছেন, আবার কারও মামলা বিচারাধীন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগের ১৮টি কারাগারে মায়েদের সঙ্গে রয়েছে ১০০ শিশু। চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ৯০ জন, রাজশাহী বিভাগের আটটি কারাগারে ২৫ জন এবং সিলেট বিভাগের পাঁচটি কারাগারে ১৯ জন শিশু রয়েছে।
এ ছাড়া রংপুর বিভাগের আটটি কারাগারে ২৫ জন, খুলনা বিভাগের ১০টি কারাগারে ২০ জন, বরিশাল বিভাগের ছয়টি কারাগারে চারজন এবং ময়মনসিংহ বিভাগের চারটি কারাগারে ১৩ জন শিশু মায়েদের সঙ্গে রয়েছে।
মায়েদের সঙ্গে সবচেয়ে বেশি শিশু রয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে।
শীর্ষনিউজ