চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫ টন চাল চুরি করে বিক্রি দেয়ায় পুলিশের হাতে আটক হয়েছে চাঁদপুর সদর লক্ষীপুর ইউপি সচিব মোস্তফা কামাল শামীম। রবিবার ১১ অক্টোবর রাতে তাকে আটক করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
বর্তমানে তিনি থানাহাজতে রয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তীতে দুপুর নাগাদ তাকে কোর্টে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফয়েজ আহমেদ।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলায় জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিক্রির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় শহরের বিপণীবাগ এলাকা থেকে গতকাল সন্ধায় পাঁচ টন চালসহ একটি পিকআপ জব্দ করেছে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন।
রবিবার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ করা চালগুলো জেলার বাইরে নেওয়ার সময় জব্দ করা হয় বলে জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম।
পরে চালগুলো চাঁদপুরের কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে (সিএসডি) রাখা হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন প্রশাসন।
চাল কেনার দাবি করা ইউনুস বলেন, ‘এক লাখ ৪০ হাজার টাকায় পাঁচ টন চাল কিনেছেন তিনি। খাদ্য গুদাম থেকে চাল নেওয়ার পর সেগুলো জেলার বাইরে নিয়ে যাচ্ছিলেন। পথে প্রশাসনের নির্দেশে পিকআপটি চাঁদপুরে ফিরিয়ে আনা হয়।’
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য মোট ১১৩ টন চাল বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে পাঁচ টন চাল বিক্রির অভিযোগ উঠেছে। চাল কীভাবে অন্যত্র নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ।