Image description

গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলিসহ রাসেল রানা নামে ৩৮ বছর বয়সের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১ পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল। এসআরবি বলছে, চাঁদাবাজির কাজে ব্যবহার করা হতো অস্ত্র। চাঁদা না দিলেই অস্ত্র দেখিয়ে দেওয়া হতো হত্যার হুমকি।

বিজ্ঞাপন

আটক রাসেল রানা (৩৮) গাজীপুরের সদর উপজেলার জানাকুর গ্রামের মো. আসাদ উল্ল্যহর ছেলে।

এসআরবি-১-এর স্কোয়াড কমান্ডার দেবজিত পাল জানান, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআরবি-১ গাজীপুর ও উত্তরা বিশেষ টিম রাসেল রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ শয়নকক্ষ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
 

এসআরবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় রাসেল রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।