Image description
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন মারা গেছেন।
 
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ৩৪৩ জন। এ সময়ে খুলনা বিভাগে ২৪৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০, বরিশাল বিভাগে ২১২, রাজশাহী বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ১০২, রংপুর বিভাগে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
এতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই, দুই সিটি করপোরেশনসহ, মারা গেছেন ১১৪ জন।
 
এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৪৭ জন, ময়মনসিংহে ২০, বরিশালে ১৯, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ১৪, রংপুরে ছয় এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে।