কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের চার দিন পর কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার একটি হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড় ৮টার দিকে কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয় ওই দুই কিশোরী। তবে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং পরে বাড়িতেও ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনাটি জানার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় অনুসন্ধানে নামে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানা ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় জানতে পারে, কিশোরী দুজন কক্সবাজারে অবস্থান করছে। পরে কক্সবাজার জেলা ডিবি পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই কিশোরী জানিয়েছে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে গিয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।