Image description

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই গলির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছিল রেজাউল। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষও উদ্ধার করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল পুলিশকে জানিয়েছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেয়। এ কাজের বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।

 

 

পুলিশের তথ্যমতে, ওই পরিকল্পনা অনুযায়ী গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল রেকি করে যায় রেজাউল। পরে ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে ঘটনাস্থলে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর ধানমন্ডি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেপ্তার রেজাউল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।