Image description

দুই দিন পার হয়ে গেলেও ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে পালিয়ে যাওয়া ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজার খোঁজ মেলেনি।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) কোনাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন।

 

ওসি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মজুমদার বাদী হয়ে সোমবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন। মামলায় একমাত্র আসামি পিচ্চি রাজা। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

 

এর আগে, গত রোববার ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে কোনাবাড়ী বাইমাইল এলাকায় শৌচাগারের কথা বলে পালিয়ে যান ২৫ মামলার এই আসামি। পরে আসামি পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হচ্ছিল। পথে বাইমাইল এলাকায় প্রাকৃতিক কাজ সারার কথা বলে সে শৌচাগারে যায় এবং সেখান থেকেই পালিয়ে যায়।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফিরছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।

 

সূত্রটি আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।