গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।
তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। মাছ আহরণ শেষে গত ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে পোতাশ্রয়ে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটটি সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে।
এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে সহায়তা চান। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, গভীর সমুদ্রে টহলে থাকা জাহাজ বিসিজিএস ‘সৈয়দ নজরুল’ উদ্ধার অভিযান পরিচালনা করে। একপর্যায়ে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল হয়ে ভাসতে থাকা বোটটি শনাক্ত করা হয়। পরে বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা জেলেদের ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।