Image description

রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে দু’জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। 

আহতরা হচ্ছেন— গুলিবিদ্ধ মো. আলামিন (২৫), সাইফুল ইসলাম (২৩) ও ছুরিকাঘাতে আহত স্কুল শিক্ষার্থী আব্দুল্লাহ (১৬)। 

 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক এসআই মো. সেলিম হোসেন জানান, আহতরা সোমবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত স্কুল শিক্ষার্থী আব্দুল্লাহর মামা কাওসার তারেক জানিয়েছন, আব্দুল্লাহ তার কয়েকজন বন্ধু মিলে রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডার আলাতুন্নেছা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা রাস্তায় তাকে ছুরিকাঘাতে আহত করে। 

তিনি বলেন, “শুনেছি সেখানে কিছু সময় আগে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল, পরে এক পক্ষ রাস্তায় যাকে পেয়েছে তাকেই আহত করেছে।” 

 

প্রসঙ্গত, আব্দুল্লাহ স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। তার বাসা মধ্য বাড্ডা এলাকায়। 

এর আগে একই এলাকায় দু’পক্ষের মারামারির সময়ে আলামিন (২৫) নামে যুবক গুলিতে আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু রাসেল জানিয়েছেন, আলামিনের বাসা আলাতুন্নেসা স্কুলের পেছনে। সে ওই সময়ে সেই পথ দিয়ে যাওয়ার সময়ে তার ডান পায়ের হাটুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। 

একই দিন রাত আনুমানিক ১১টার দিকে মেরুল বাড্ডা বাজার গলিতে সাইফুল ইসলাম (২৩) নামের একজন ফ্রিজ মেকানিক্স আহত হয়। সে বাড্ডার বাজার গলি মন্ডলের বাড়িতে থাকেন সাইফুল।  

রাতে সে পথ দিয়ে বাসার ফেরার পথে দুই জন হেলমেট পরিহিত দুর্বৃত্ত তাকে পথরোধ করার চেষ্টা করে, সে সময়ে সে ভয়ে দৌড়ে পালানোর সময়ে, পেছন তারা গুলি করেন, তাতে তার পায়ে গুলিবিদ্ধ হয়।

পরে প্রতিবেশী মোহন গাজী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 

বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই মো. আবু জাফর জানিয়েছেন, আমাদের থানা এলাকায় দুটি ঘটনা ঘটেছে, ঘটনাগুলোর বিষয়ে রাত থেকে আইনি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের অফিসাররা কাজ করছেন। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।