চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ঘরের মাটির নিচে পুঁতে রাখা ককটেলের ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিকট শব্দের এ বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে পড়ার পাশাপাশি চালের টিন উড়ে গেছে। এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নরসিয়া মুসা মাওলানা পাড়া গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, সীমান্তবর্তী জোহরপুর মাঠপাড়া কালভার্ট সংলগ্ন এলাকার একটি মাছের ঘেরের দখল নিয়ে গত ৩-৪ দিন ধরে এলাকায় দুই পক্ষের চরম উত্তেজনা চলছিল। এর এক পক্ষে রয়েছেন ইয়াহিয়া সালাম ও বাবু এবং অপর পক্ষে রয়েছেন আব্দুস সালাম কালু।
ইউপি চেয়ারম্যান আরও জানান, রাত ৮টার দিকে নরসিয়া মুসা মাওলানা পাড়ায় প্রতিপক্ষকে ঘায়েল করতে ইয়াহিয়ার বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা প্রায় ২৫ থেকে ৩০টি ককটেল একযোগে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো গ্রাম কেঁপে ওঠে এবং ঘরের দেয়াল ধসে চালের টিন উড়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ককটেলগুলো কীভাবে এবং কী উদ্দেশ্যে ঘরের ভেতরে মাটির নিচে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। আলামত সংগ্রহ ও তদন্ত শেষে বিস্তারিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।