রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার এবং ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হতে দেখা যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রটি থেকে স্থানীয় থানার দূরত্ব এক কিলোমিটারেরও কম। তারপরও পুলিশ কেন ঘটনাস্থলে গেল না এবং হামলা ঠেকাতে পারলো না, সে প্রশ্ন সামনে আসছে।
অন্যদিকে, স্টুডিও ভাঙচুরের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে অভিযোগ করলেও থানায় মামলা কেন দায়ের করেননি?
যদিও সালমান মুক্তাদিরের বক্তব্য থেকে জানা যায়, ঘটনার রাতেই তিনি ক্যান্টনমেন্ট থানায় মামলা করতে গিয়েছিলেন। তবে মামলা নিতে দেরি হওয়ায় একপর্যায়ে বাসায় ফিরে যান। পরদিন স্টুডিও ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ মামলা নেয়।
সেই পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই পাল্টা প্রশ্ন রাখেন যে, থানায় গিয়ে লিখিত অভিযোগ না দিলে বা মামলা না করলে পুলিশ কি অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে না?
কোনো অপরাধের ঘটনায় ভুক্তভোগী মামলা না করলেও আমলযোগ্য অপরাধের তথ্য পেলে পুলিশের বসে থাকার সুযোগ নেই। এমন অপরাধের তথ্য পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রয়োজনীয় তদন্তের উদ্যোগ নেওয়া পুলিশের দায়িত্ব বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞ ও পুলিশের সাবেক কর্মকর্তারা।
বিশেষজ্ঞরা বলছেন, একটি দেশের শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তার বিপক্ষে সংঘটিত যে কোনো অপরাধকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। এ বিষয়ে আলাদা আইন রয়েছে, যা ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’ বা সিআরপিসি নামে পরিচিত।
সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, এ আইনে পুলিশের দায়িত্বের বিষয়ে বলা হয়েছে যে, তারা যদি ধর্তব্য বা আমলযোগ্য অপরাধের কোনো তথ্য পায়, তাহলে তাদের দায়িত্ব হবে দ্রুত সেটির বিষয়ে রেসপন্স করা।
তিনি জানান, এখানে ধর্তব্য বা আমলযোগ্য অপরাধ বলতে সে সব অপরাধকে বোঝানো হয়, যেসব অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারে। সেজন্য আদালতের কাছ থেকে আলাদা করে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না, অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার কতে পারে পুলিশ। মূলত খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, হামলা, ভাঙচুর- এসব অপরাধগুলো ধর্তব্য বা আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।
আইনে বলা হয়েছে যে, আমলযোগ্য অপরাধ সংঘটনের বিষয়ে তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত সেই ঘটনাস্থলে চলে যাবে এবং অপরাধ কর্মকাণ্ড থামিয়ে পরিস্থিতি শান্ত করার ব্যবস্থা করবে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নুরুল হুদাও বলেন, কোনো অপরাধ সংঘটিত হওয়ার তথ্য পাওয়ার পর পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা হলে ভালো, তবে মামলা না হলেও পুলিশের বসে থাকার সুযোগ নেই।
সাম্প্রতিক সময়ে আমলযোগ্য বিভিন্ন অপরাধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশকে ক্ষমতাসীনদের পক্ষে ব্যবহার এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় জনগণের মুখোমুখি দাঁড় করানোর কারণে বাহিনীটি নৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। তার মতে, এখনো সেই পরিস্থিতি পুরোপুরি কাটেনি।
মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় স্থানীয় থানার যে ভূমিকা, সেটি নানান প্রশ্ন সামনে আনছে। সেখানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের আঁতাতের বিষয়টি সামনে আসছে। আবার ক্ষেত্রবিশেষে এটাও মনে হচ্ছে যে, ভয় বা লাভ কিংবা দায়িত্ব এড়ানোর জন্যও তারা (পুলিশ) হয়তো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
এছাড়া, ভালো পদ-পদবি বা আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতাসীন বা প্রভাবশালী ব্যক্তিদের পক্ষে কাজ করার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার কথা জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, অপরাধীদের বিষয়ে পুলিশের অবস্থান স্পষ্ট। কোনো দল বা মত দেখা হবে না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হবে। কোনো ধরনের দখল, বেআইনি বা আইনবহির্ভূত কর্মকাণ্ড কেউ করতে পারবে না। যারা এসব করবে, তাদের আইনের আওতায় আনা হবে।