রংপুরের পীরগাছায় শ্বাশুড়ির সামনে থাপ্পড় দেয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুদিন পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে হাসানুর রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে পীরগাছা থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি।
নিহত মাহাবুর রহমান ওরফে মহুবার উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার রাতে মহুবার রহমানের ছেলের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসে। কিন্তু জামাই হাসানুর শাশুড়িকে বসতে এবং খেতে বলেননি। এ নিয়ে জটিলতা তৈরি হলে বাবা মহুবার রহমান ছেলে হাসানুরকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান দিয়ে ভাত খাওয়ার কথা বলতে। কিন্ত হাসানুর সেটা না করলে বাবা মহুবার ছেলে হাসানুরকে একটা থাপ্পড় দেন।এদিকে, শাশুড়ির সামনে বাবার থাপ্পড়ের বিষয়টি ভালোভাবে নেননি হাসানুর। পাশে থাকা একটি চাকু এনে বাবার বুকে ঢুকিয়ে দেন। এতে প্রচুর রক্ষক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ্ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসানুর মাদকাসক্ত।
তিন মাস আগে তার বিয়ে হয়। তিনি কোনো কাজ করেন না এবং মাদকাসক্ত—এ বিষয়টি জানতে পেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এসব বিষয় নিয়ে হাসানুরের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কের অবনতি হয়।
শীর্ষনিউজ