সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় ঘটনার সূত্রপাত হয়। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে প্রক্টর অফিসে দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়।
জানা গেছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাকিলের সঙ্গে আইসিটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। শাকিল এর আগে মাদক সেবনের অভিযোগে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন বলে জানা গেছে।
পরবর্তীতে ওই ঘটনার জেরে সাকিব ও শাকিলের সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থী আইসিটি বিভাগে যায় বলে অভিযোগ ওঠে। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে শাকিলকে ধাওয়া দিলে তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে গিয়ে আশ্রয় নেন। এ ঘটনাকে কেন্দ্র করে হলটির আবাসিক শিক্ষার্থীরাও জড়িয়ে পড়েন। পরে হলের শিক্ষার্থীদের সঙ্গে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে।
হামলায় আহত আইসিটি বিভাগের শামীম মজুমদার বলেন, ‘আমি শুরুতে ছিলাম না। আমি যখন হলের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকজন আমাকে বলে ‘এদিকে আয়’। এ কথা বলার পরই আমার ওপর হামলা শুরু করে।’
এ সময় প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থীও ঘটনাটির সঙ্গে জড়িয়ে পড়েন। সংঘর্ষের ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে আহত সকলের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘শুরুতেই আমরা দুই পক্ষকে একসাথে করে মিলিয়ে দিয়েছিলাম। পরে আবার কী নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছে বলতে পারছি না। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’