Image description

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় টিকটকের ভিডিও বানানোর সময় পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে আহত সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মৃত্যুর ঘটনায় টিকটকার আব্দুল হাকিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ হোসেন।

পুলিশ জানায়, ২০২৫ সালের ২৯ মার্চ টিকটক ভিডিও বানানোর জন্য ১০ টাকার বিনিময়ে সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়কে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিতে বলেন হাকিম। ঝাঁপ দেওয়ার সময় সৌরভের পায়ে লোহার তারকাটা বিধে গুরুতর আহত হয়। বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন হাকিম।

পরে গুরুতর অসুস্থ অবস্থায় সৌরভকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা রানু ক্ষত্রিয় ফুলপুর থানায় মামলা করেন।

পুলিশ আরও জানায়, মামলা হওয়ার পর থেকেই হাকিম পলাতক ছিলেন। দীর্ঘ সময় পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।