Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়মিত আয়োজনসহ ১৪ দফা দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটির (এইচআরডিএস) ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এসব দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি দেওয়ার সময় উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা। এ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এইচআরডিএসের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট।সংগঠনটির ১৪ দফা দাবির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের মতপ্রকাশ, বিবেক, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন। মানবাধিকার লঙ্ঘন, হয়রানি, বৈষম্য, নিপীড়ন ও নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বাধীন ও কার্যকর ‘হিউম্যান রাইটস ডেস্ক/সেল’ প্রতিষ্ঠার দাবিও জানানো হয়েছে।

শিক্ষার্থীরা পরিচয় গোপন রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন-এমন অনলাইন ও অফলাইন অভিযোগ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। লিঙ্গ, বিশেষ সক্ষমতা, আর্থিক অবস্থা, অঞ্চল, ভাষা, সামাজিক পরিচয়, ধর্মীয় বিশ্বাসসহ কোনো পরিচয়ের কারণে শিক্ষার্থীরা যাতে বৈষম্যের শিকার না হন, সে জন্য নীতিমালা ও নজরদারি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে আরও কার্যকর করা এবং অভিযোগ তদন্তে গোপনীয়তা, নিরপেক্ষতা, দ্রুততা ও ভুক্তভোগীবান্ধব প্রক্রিয়া নিশ্চিত করার দাবি রয়েছে। একই সঙ্গে ক্যাম্পাস, আবাসিক হল, পরিবহণ, লাইব্রেরি ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং হয়রানি বা সহিংসতার ঘটনায় দ্রুত প্রতিকারের ব্যবস্থা চেয়েছে এইচআরডিএস।

আইনি জটিলতা, বেআইনি হয়রানি বা মানবাধিকার লঙ্ঘনের শিকার শিক্ষার্থীদের প্রাথমিক আইনগত পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্ববিদ্যালয়ভিত্তিক রেফারেল ব্যবস্থা চালুর দাবিও রয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আবাসিক হল সংশ্লিষ্টদের জন্য মানবাধিকার, জেন্ডার সমতা, অ্যান্টি-হ্যারাসমেন্ট, ডিজিটাল রাইটস ও সংঘাত নিরসন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের দাবি জানানো হয়েছে।হলগুলোর আসন, খাবার, চিকিৎসা, নিরাপত্তা ও প্রশাসনিক সেবা প্রদানে বৈষম্য ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের ভবন, পরিবহণ, লাইব্রেরি ও আবাসিক হলে বিশেষ সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রবেশগম্য অবকাঠামো নিশ্চিত করার দাবিও করা হয়েছে।

শীর্ষনিউজ