ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতিতে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের অললি বাঁশতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন নিগুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সহসভাপতি মাওলানা আশরাফুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আজিজ। তাঁদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিগুয়ারী ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম (হিরণ) খানের নেতৃত্বে একটি দাওয়াতি দল গণসংযোগে বের হয়। দলটি অললি বাঁশতলী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এতে জামায়াতের ওই তিন নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল বলেন, জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।
তিনি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামায়াতের গণসংযোগকালে কতিপয় বিএনপি নেতাকর্মীর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শীর্ষনিউজ