Image description

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরোধীদের ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য বাংলাদেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

 

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার ফাঁসির আদেশ হওয়ার পর থেকে দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার অপচেষ্টা করছে। তিনি প্রশ্ন তোলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবহন খাত কারা নিয়ন্ত্রণ করছে এবং সেই অর্থ রাষ্ট্রবিরোধী সহিংসতায় ব্যবহৃত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার সময় এসেছে।’ পতিত ফ্যাসিবাদের পাহারাদার হওয়ার জন্য বিএনপি রাজনীতি করে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

 

বিরোধী দলের কঠোর সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, ‘১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছিল, সেই শক্তি আজ জনগণের ভোটে সংসদে এসেছে বিধায় আমরা তাদের সম্মান দিচ্ছি। কিন্তু তারা লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না।’