Image description

ঢাকার কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। তপ্ত রোদের মধ্যে কোলের সন্তান নিয়ে কয়েকজন নারীও শামিল হয়েছিলেন প্রতিবাদে। স্থানীয় লোকজনও কর্মসূচিতে যোগ দেন।

আজ সোমবার দুপুরে পটিয়ার কাগজীপাড়া মডেল মসজিদের সামনে এক ঘণ্টারও বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশ তাদের সরিয়ে দেয়।

এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। আটকে পড়া শত, শত যানবাহন মহাসড়কের উভয়পাশে দাঁড়িয়েছিল।

এর আগে, আজ সোমবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব থেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যেতে চাইলে তাদের ওপর লাঠিচার্জ করা হয়।

এর প্রতিবাদে দুপুর ২টার দিকে পটিয়ায় মহাসড়ক অবরোধ করেন কয়েকশ চাকরিচ্যুত কর্মী। কোলের সন্তান নিয়ে আসা চাকরিহারা এক নারী বললেন, ‘আমরা কেন এভাবে মানবিক জীবনযাপন করব? কি অপরাধ ছিল আমাদের? আমরা পরীক্ষা দিয়ে নিয়োগ পেয়েছিলাম। আবার আমাদের পরীক্ষা দিতে বলা হয়। আমরা কেন পরীক্ষা দেব? আমাদের নিয়োগ তো অবৈধ ছিল না। এরপরও আমি পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু যেদিন পরীক্ষা সেদিন আমার বাবা মারা যান। সেজন্য পরীক্ষা দিতে পারিনি। এরপর আমাদের চাকরিচ্যুত করা হয়। সাত বছর চাকরি করার পর আমরা অবৈধ হয়ে গেলাম। চাকরি ফেরত পেতে আমরা রাস্তায় নেমেছি।’

চাকরিচ্যুত দিদারুল আলম বললেন, ‘ঢাকায় আমার ভাইবোনদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। অনেকে আহত হয়েছেন। পুলিশ যতই আক্রমণ করুক, আমরা আন্দোলন থেকে সরে আসব না। আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে।’

পটিয়ায় আন্দোলনকারীদের কয়েকজন অভিযোগ করেছেন, বিকাল ৩টার দিকে পুলিশ তাদের লাঠিচার্জ করে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছেন।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বললেন, ‘লাঠিচার্জ করা হয়নি। তারা আধাঘণ্টার মতো ছিল। পরে আমরা বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’