Image description
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
 
বিক্ষোভ শুরুর আগে সমাবেশে বক্তব্য দেন গোলাম পরওয়ার। এ সময় তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘সরকারকে ভূতে ধরেছে। কিসের ভূত? সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে।’
 
তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার জোর আছে বলেই যা ইচ্ছা মনে আসছে, তাই শুরু করছেন। মানুষের মতামত ও জবাবদিহিতার কোনো দায় নিচ্ছেন না।’
 
 
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে সরকার বিভিন্ন আইন ও নীতিগত সিদ্ধান্ত পরিবর্তন করছে এবং জনগণের মতামতকে উপেক্ষা করছে। তার ভাষ্য, ‘সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে আপনি কোরআন-সুন্নাহর আইন বদলে দিয়ে হেবার মতো পারিবারিক আইন আপনি পাল্টে দিচ্ছেন। সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে আপনি জনগণের গণভোটের রায়কে পাল্টে দিচ্ছেন।’
 
তিনি আরও বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতার জোরে সংসদে বিরোধী দলের সমস্ত কথাকে উপেক্ষা করে আইন-কানুন, গুম কমিশন, মানবাধিকার কমিশন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট; প্রত্যেকটি জায়গায় রাজনৈতিক দল এবং গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরার জন্য ক্ষমতার জন্য যা যা নিরাপদ, সেটাই করতে শুরু করেছেন।’
 
গোলাম পরওয়ার বলেন, ‘এটা না হলো ফ্যাসিবাদ, এটা না হলো কর্তৃত্ববাদ।’
 
এ সময় তিনি অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, ‘জনগণের দুঃখ-কষ্ট যদি আপনি দেখতে না পারেন, জনগণও ইতোমধ্যে আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
 
তিনি সরকারের প্রতি জনগণের ক্ষোভের ভাষা বোঝার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনি লং মার্চ, মিটিং-মিছিল, পোস্টার, দেয়াল, স্লোগানের ভাষা বুঝতে চেষ্টা করুন। সকাল হলে একটি করে নতুন দিন আসছে, আর আপনার থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে।’
 
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘আজকে সারা দেশে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। আমরা সকল গণবিরোধী কাজে জনগণকে আপনার বিরুদ্ধে, আপনার অগণতান্ত্রিক, জনবান্ধব, জনস্বার্থ এবং জনগণের প্রয়োজনের বাইরে যা কিছু করবেন, আপনার বিরুদ্ধে জনগণের পাশে আমরা থাকব।’
 
এর আগে রোববার রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে।
 
জামায়াতের পক্ষ থেকে এর আগে দেয়া এক বিবৃতিতেও গোলাম পরওয়ার দাবি করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ তৈরি হবে। তিনি সরকারকে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।