Image description

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ।

তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত অবস্থায় ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৪ থেকে ৫ জন গুরুতর দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।



রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কারখানার বাউন্ডারির ভেতরে বিকট শব্দে বিস্ফোরণের পর লরিটিতে আগুন ধরে যায়। হঠাৎ বিস্ফোরণে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশে থাকা শ্রমিক ও পথচারীরা আহত হন।

 

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।



জিরাবো ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।