Image description

পঞ্চগড়ে এক তরুণীসহ আটক বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের স্থানীয় নেতা ও মসজিদের খতিব মো. শহিদুল ইসলামকে জামায়াতে ইসলামীর নেতা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

গত ১৬ সেপ্টেম্বর পঞ্চগড় চিনিকল কলোনির একটি কোয়ার্টার থেকে স্থানীয়রা শহিদুল ইসলামকে এক তরুণীসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওই ঘটনার তথ্য ও ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দেওয়া হয়।

এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে এবং এখানে (আর্কাইভ)।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, আটক শহিদুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতা নন। তিনি বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পঞ্চগড় জেলা শাখার সদস্য।

এ বিষয়ে ১৬ সেপ্টেম্বর দৈনিক আমাদের সময় বার্তা বাজারে প্রকাশিত দুটি প্রতিবেদন পাওয়া যায়। 

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ১৬ সেপ্টেম্বর রাতে পঞ্চগড় চিনিকল কলোনির একটি কোয়ার্টার থেকে এক তরুণীসহ শহিদুল ইসলামকে আটক করেন স্থানীয়রা। তিনি পঞ্চগড় জেলা ওলামা দলের সদস্য এবং পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের বরাতে প্রতিবেদনগুলোতে বলা হয়, উত্তেজিত জনতার কাছ থেকে শহিদুল ইসলাম ও ওই তরুণীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে শহিদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।