ফরিদপুর শহরের শতবর্ষী পুরাতন কালীবাড়ি মন্দিরের কষ্টিপাথরের কালী প্রতিমাসহ স্বর্ণ ও রুপার অলংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর পৌনে ছয়টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মন্দিরের সেবায়েত ও কমিটির সভাপতি কুশল চক্রবর্তী কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের (জিডি) করেছেন।
মন্দির কর্তৃপক্ষ জানায়, চুরি যাওয়া কালী প্রতিমাটির ওজন প্রায় ২০ কেজি। প্রতিমাটির সঙ্গে থাকা ৭–৮ ভরি স্বর্ণালংকার, পিতলের ছোট ছোট বিষ্ণু, রাধাকৃষ্ণ ও মনসা মূর্তি এবং মহাদেবের লিঙ্গের সঙ্গে থাকা আনুমানিক ৮–১০ ভরি ওজনের রুপার সাপও চুরি হয়েছে।
মন্দিরের পুরোহিত দেবী প্রসাদ চক্রবর্তী বলেন, কষ্টিপাথরের কালী প্রতিমাটি একটি শ্বেতপাথরের শিবমূর্তির ওপর স্থাপন করা ছিল। চোরেরা শিবমূর্তিটি রেখে প্রায় ২০ কেজি ওজনের কালী প্রতিমাটি নিয়ে গেছে। প্রতিমা সংরক্ষণের স্থানে ঢুকতে পূর্ব পাশের একটি দরজার তালা ভাঙা হয়। এরপর লোহার গেটের আরও চারটি তালা ভেঙে প্রতিমাটি নিয়ে যাওয়া হয়েছে।
মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী বলেন, সকালে মন্দিরে প্রতিমা না পেয়ে মন্দিরের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে কালী প্রতিমার পায়ের কিছু অংশ ও মহাদেবের অংশবিশেষ পাওয়া যায়। তবে অন্যান্য মালামালের সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও পরে সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।