Image description

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে যাওয়া এক সাংবাদিকের ওপর হামলার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

এর আগে সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তার আগে শনিবার গভীর রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেনের চাচা আমিরুল ইসলাম (৫৫) ও তার কথিত পিএস মারুফ হোসেন (৩৫)।

গতকাল দুপুরে পৌরসভার কালীবাড়ী মন্দিরের সামনে সড়ক নির্মাণের অনিয়মের তথ্য সংগ্রহে গেলে হামলার শিকার হন বেসরকারি বাংলা টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস।

এ ঘটনায় গতকাল সন্ধ্যায় কুমারখালী থানায় হত্যা চেষ্টা আইনে মামলা করেন উল্লাস। মামলায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে মো. শোভন হোসেন, চাচা আমিরুল ইসলাম, চাচাতো ভাই আনোয়ার হোসেন ও কথিত পিএস মারুফ হোসেনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

 

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন। তিনি বলেছেন, মামলার আসামিরা যত ক্ষমতাশালীই হোন না কেন, তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।

 

ওসি জামাল উদ্দিন জানিয়েছেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এরই মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।