Image description

নেত্রকোণার খালিয়াজুড়ীতে আধিপত্য বিস্তার ও স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে শাহ আলমগীর (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন।

নিহত শাহ আলমগীর রানীচাপুর গ্রামের নূরুল হকের ছেলে।

 

শুক্রবার সকাল ৯টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রানীচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় কথা-কাটাকাটির জেরে প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ ফের মুখোমুখি সংঘর্ষে জড়ায়। থেমে থেমে সারা দিন ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

 

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় পাঠানো হয়।

 

স্থানীয়দের অভিযোগ, এক পক্ষে ছিলেন চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের লোকজন এবং অন্য পক্ষে ছিলেন ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগেল মিয়ার অনুসারীরা।

 

খালিয়াজুড়ী থানার ওসি মো. নাসিরুদ্দিন বলেন, ‘দুই পক্ষের অভিযোগে দুটি মামলা হয়েছে। নিহতের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

 

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।