আওয়ামী আমলে ভোট দেওয়া যেত না, আর এখন ভোট দিলেও কাজ হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, ‘গণভোট জয় হওয়ার পরও কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। বিচার বিভাগ সম্পূর্ণ করাপ্টেড। নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়েছে। পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার মানে না।’
নুরুল ইসলাম সাদ্দাম বললেন, ‘আওয়ামী লীগ জুলুমের কারণে শাস্তি পেয়েছে। পাতি নেতা থেকে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। এখন আবার হুমকি দেয় ডিসেম্বরে দেশে আসবে। আমরা বলি, আসো। আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য। সহস্রাধিক মানুষকে তোমরা হত্যা করেছ। এগুলোর কি বিচার হবে না?’
জুলাই সনদ অনুযায়ী বিচার বিভাগ ও নির্বাচন কমিশনে সংস্কার না হওয়ায় বর্তমান সরকারের সমালোচনা করেন শিবির সভাপতি। বললেন, ‘বর্তমান মেধাবীরাই আগামী দিনের নেতা। তাই জাতি গঠনে তাদের এগিয়ে আসতে হবে।’
জেলা ছাত্রশিবিরের আয়োজনে মিরকাদিমের দরগাহবাড়ি এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাড়ে ৩ শতাধিক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জিএস আব্দুল আলিম আরিফ।