ঢাকার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হলে দিল্লিকে শেখ হাসিনার বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এছাড়া অধ্যাপক ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে সরকারের করণীয় নেই বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা। এসময় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ইস্যুতে বলেন, সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায়। ভারত সরকারকে এ বিষয়ে বারবারই আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়তে হলে ভারতকে হাসিনার বিষয়ে তাদের চিন্তাধারা পরিষ্কার করতে হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যখন ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে, সেই ইস্যুগুলোর মধ্যে এগুলো ছিল। আমি তাকে আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা এবং অন্য যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের অবস্থানটা এ রকম আছে। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনজেগমেন্টের জন্য তাদের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত।
সম্প্রতি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর পরিশোধ সংক্রান্ত আদালতের রায়ের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সরকার এখানে কোনো হস্তক্ষেপ করেনি। এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।
তিনি বলেন, এটা আদালতের ব্যাপার এবং একটু মিসপারসেপশন ছিল। এটার বিস্তারিত অনেকের সামনে এসেছে যে এই কর মওকুফের ব্যাপারে রায় কী হয়েছিল, রায় কেন তখন কার্যকর হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় ছিল এখন তাদের দিতে বলা হয়েছে, এটা আদালতে আছে। হাইকোর্টে রায় হয়েছে, ওই করটা তাদের দিতে হবে।
ক্রিপ্টো কারেন্সিকে সরকার সাধারণ বাণিজ্যে অন্তর্ভুক্ত করতে চায় না বলেও জানান প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।