Image description

ফ্যাসিবাদের পথ রুদ্ধ করতে না পারলে আমরা সবাই বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ফ্যাসিবাদ দমন করতে না পারলে দেশের গণতান্ত্রিক পরিবেশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।

আইনমন্ত্রী জানালেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে। কোনো মায়ের বুক যেন খালি না হয়। কোনো পরিবারকে স্বজন হারিয়ে রাতের পর রাত অপেক্ষা করতে না হয়। এমন পরিবেশ তৈরি করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ফ্যাসিবাদের পথ রুদ্ধ করা জরুরি। তা না হলে সবাই বিপদের মুখে পড়তে পারেন।

আইনমন্ত্রী বলেছেন, সরকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছে জনগণ। তাদের কথা বলার সুযোগ না দিলে এবং তাদের মতামত না শুনলে সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। জনগণের কথা শোনা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া সরকারের অঙ্গীকার।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য খান মশিউর রহমান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।