Image description

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করলে নাগরিককে বিরূপ আচরণ বা সেবা না দেওয়ার প্রবণতাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘কাউকে সম্মান করে ‘স্যার’ বলা নিয়ে সমস্যা নেই। কিন্তু এটিকে বাধ্যতামূলক সম্বোধনের পর্যায়ে নিয়ে যাওয়াই সমস্যা।’’

জাহেদ উর রহমান বলেন, ‘‘যে কেউ কাউকে স্যার ডাকতে পারেন। কিন্তু এটাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেন স্যার বলতেই হবে এটা খুবই খারাপ।’

অতীতে সরকারি অফিসে ‘স্যার’ না বলায় সেবাগ্রহীতার সঙ্গে বিরূপ আচরণের বিভিন্ন ঘটনার কথাও বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘‘স্যার না বলার কারণে রিঅ্যাক্ট করা বা সেবা না দেওয়ার মতো ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা এটাকে যতটা সম্ভব পরিবর্তনের চেষ্টা করবো।’’ তবে শুধু আইন বা নির্দেশনা দিয়ে সমস্যার পুরো সমাধান হবে না বলেও মনে করেন তিনি।

তার ভাষায়, ‘‘ধরুন, আইন করলেন স্যার বলা যাবে না। কিন্তু যিনি সেবা দিচ্ছেন, তিনি যদি স্যার না বলায় অসন্তুষ্ট হয়ে সেবার সঙ্গে সেটাকে রিলেট করেন, তাহলে সমস্যা থেকেই যাবে। কাজেই আমাদের মানসিকতারও পরিবর্তন দরকার।’’