রাজবাড়ীর দৌলতদিয়ায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ১০ থেকে ১৩ বছর বয়সী পাঁচ শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। পরে তাদের পরিবারের সদস্যদের খবর দিয়ে থানায় ডেকে এনে শিশুদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া শিশুরা হলো—মো. হিরোন (১১), জিসান (১৩), আবুজার (১৩), মো. আব্দুল্লাহ (১৩) ও খালিদ বিশ্বাস (১০)। তাদের সবার বাড়ি মাগুরা সদর থানার কাদিরাবাদ এলাকায়।
পুলিশ জানায়, পাঁচ শিশু পরস্পরের বন্ধু। কৌতূহল ও দুরন্তপনার বশে তারা সকালে কাউকে না জানিয়ে একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে মাগুরা সদর এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে তারা দৌলতদিয়ায় পৌঁছায়। সেখানে বাসস্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল তারা।
এ সময় টহল পুলিশের নজরে পড়লে সদস্যরা শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। জিজ্ঞাসাবাদে শিশুরা কৌতূহলবশত একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে দৌলতদিয়ায় আসার বিষয়টি জানায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
এদিকে সন্তানদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন ছিলেন শিশুদের পরিবারের সদস্যরা। পুলিশ ফোন করে তাদের সন্তানদের দৌলতদিয়ায় পাওয়ার বিষয়টি জানালে অভিভাবকেরা থানায় ছুটে আসেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পাঁচ শিশুকেই তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা কৌতূহলবশত মাগুরা থেকে একসঙ্গে বের হয়ে দৌলতদিয়ায় চলে এসেছিল। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা থানায় এসে শিশুদের নিয়ে যান।