সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে গত ২৮ জুলাই দুদকের মামলায় এস কে সুরের তিন বছরের কারাদণ্ড দেন আদালত।
এ বিষয়ে দুদকের প্রসিকিউটর শাহ মো. নাজমুস সাকিব জানান, আজ সুপর্ণা সুর চৌধুরীকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এ্রই রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন দুদকের এই কৌঁসুলি।
মামলার বিবরণে বলা হয়েছে, আসামি সুপর্ণার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ায় তার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। তিনি ২০২৪ সালের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
এজন্য ওই বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ সহকারী পরিচালক এ এম তাহের এ মামলায় আদালতে অভিযোগপত্র দেন। পরে গত ৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।