গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে গ্রেপ্তারে যাওয়া পুলিশের ওপর হামলা হয়েছে। পাথর ছুড়ে ছিনিয়ে নেওয়া হয়েছে ওই আসামিকে। এসময় আহত হয়েছেন কনস্টেবল মো. মাসুদ। গতকাল রবিবার রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল কেরানীরটেক এলাকার বস্তিতে অভিযানে যায়। গ্রেপ্তার করা হয় পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে।
ওসি বললেন, ‘আসামিকে টঙ্গী রেলওয়ে স্টেশন দিয়ে থানায় নেওয়ার পথে কয়েকজন পুলিশের পথ আটকায়। তারা রেললাইনের পাথর তুলে ছুড়তে থাকে। পাথরের আঘাতে আহত হন কনস্টেবল মাসুদ। পুলিশের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নেয় ওই দলটি।’
আহত মাসুদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে- জানালেন ওসি।