Image description

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী আয়োজনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (আইপিপিএ) শীর্ষক এ চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। হংকংয়ের পক্ষে স্বাক্ষর করেন বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই।

চুক্তির ফলে দুই দেশের বিনিয়োগকারীদের বিনিয়োগ ও পুঁজির সুরক্ষা আরও জোরদার হবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং নতুন অর্থনৈতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

বর্তমানে বাংলাদেশে ৭ম বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী হংকং। গত পাঁচ বছরে হংকং থেকে বাংলাদেশ প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালে এসেছে ১২২ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টদের মতে, আইপিপিএ স্বাক্ষরের ফলে দুই দেশের বিনিয়োগের ভিত্তি আরও শক্তিশালী হবে। বিশেষ করে তৈরি পোশাকসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়তে পারে। একই সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ঘাটতি কমাতেও চুক্তিটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।