Image description
সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের হোসেনপুর এলাকার আল-মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে থাকা গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 
বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়দের ভাষ্য, দুপুরে এলাকায় বৃষ্টির সঙ্গে একাধিকবার বজ্রপাত হচ্ছিল। এর মধ্যেই মন্ত্রীর বাসার প্রধান ফটকের কাছে গ্যাসের লাইনের অংশে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 
পরে বাড়ির নিরাপত্তাকর্মী বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানালে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। অল্প সময়ের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
 
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, মন্ত্রীর বাড়ির গেটের পাশে থাকা গ্যাস রাইজারে বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে বাড়ির নিরাপত্তাকর্মী তাদের জানিয়েছেন।
 
তিনি বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
ঘটনার পর গ্যাস লাইনের ওই অংশের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।