সাড়ে পাঁচ মাস পর বিদেশ থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। দীর্ঘ বিরতির পর সংসদে তার এই উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বুধবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস। গুরুতর অসুস্থতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে তিনি আবার সংসদীয় কার্যক্রমে সক্রিয় হলেন।
সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সংসদ ভবনে নিজের দাপ্তরিক কার্যালয়ে যান মির্জা আব্বাস। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর অফিসে ফিরে তিনি প্রথমবারের মতো নিজ দপ্তরে বিভিন্ন দাপ্তরিক কাজ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি সংসদ অধিবেশনে যোগ দিলে স্পিকার ও সহকর্মীরা তাকে স্বাগত জানান।