Image description

সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে যাত্রী ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজিচালক আশিক (৩৫)।

আহতের নাম বিষ্ণু হালদার। তিনিও সিএনজির যাত্রী ছিলেন এবং নিহত ঠাকুর হালদারের ছেলে।

নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার। তারা কামারখন্দের বাজার ভদ্রঘাট থেকে সিএনজি অটোরিকশায় সিরাজগঞ্জ শহরের দিকে আসছিলেন। দ্রুতগতির সিএনজিটি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজিচালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার মারা যান। আহত বিষ্ণু হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে বাড়ি চলে যান।

নিহত সিএনজিচালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন আশিক। সকাল ৬টার দিকে খবর পান চাচা দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাস্থলে এসে দেখেন তিনি মারা গেছেন। পরে লাশ নিয়ে বাড়ি চলে যান।

সিরাজগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ নিয়ে স্বজনেরা বাড়ি চলে গেছেন। আহত বিষ্ণু হালদারকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।