Image description
বাঁয়ে ইনসার্টে রাশেদ। ছবি সংগৃহীত।

পর্যটন শহর কক্সবাজারের একটি হোটেলের বারে কয়েকজন যুবকের নিজেদের মধ্যে ঝগড়ার সময় ছুরিকাঘাতে নাজিবুল হক রাশেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গণপিটুনির পর পুলিশে দেওয়া মোহাম্মদ সোলাইমান (২৮) নামের এক যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ছয়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সোলাইমান মারা গেছেন।

 

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের বারে ঝগড়ার ঘটনায় মারা যান নাজিবুল হক রাশেদ।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেন। রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, হোটেলের বারে ঘটনার পর মধ্যম নুনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় সোলাইমানকে আটক করা হয়। পরে আহত অবস্থায় চট্টগ্রামের হাসপাতালে পাঠানো হলে সকালে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাশেদ কয়েকজন যুবকের সঙ্গে রেনেসাঁ হোটেলের দোতলার বারে বসে ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এ সময় এক পক্ষ আরও কয়েকজন যুবককে ডেকে আনে। তারা রাশেদকে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাশেদ ফিশারিঘাট এলাকায় ব্যবসা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে ফিশারিঘাট এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় সোলাইমানকে স্থানীয় লোকজন আটক করে মারধর করে এবং পুলিশের কাছে সোপর্দ করে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান বলেন, কীভাবে ঘটনার সূত্রপাত এবং এতে কারা জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

এদিকে আলামত সংগ্রহ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রেনেসাঁ হোটেলের বারটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

ঢাকাটাইমস