বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
জানা যায়, গত কয়েকদিন ধরে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে। শনিবার রাতে গণপতির বাড়িতে যান শ্যালিকা।
সেখানে গিয়ে দেখেন বাড়ি তালাবদ্ধ। জানালা দিয়ে দেখেন এলোমেলো ঘর। সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা।
পুলিশ জানায়, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।
এ সময় দুইতলা বাড়ির ছাদে পাওয়া যায় গণপতি চক্রবর্তীর লাশ। তার স্ত্রী ও কন্যার লাশ ছিল বাসার সিঁড়িতে আর ছেলের লাশ ছিল ঘরের ভেতর খাটের নিচে।
শীর্ষনিউজ