Image description

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আন্দোলনের নানা নিদর্শন, আলোকচিত্র ও ঘটনাপ্রবাহ দেখতে প্রতিদিনই জুলাই স্মৃতি জাদুঘরে আসছেন নানা বয়সী মানুষ। কেউ আসছেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউবা একাই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন জুলাইয়ের ইতিহাস কাছ থেকে দেখতে।

সাধারণত সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার জাদুঘরে অধিক ভির লক্ষ্য করা যায়। তবে কর্মদিবসগুলোতেও দর্শনার্থীর উপস্থিতির কমতি থাকছে না।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর কলেজগেট সংলগ্ন এলাকায় অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে এমন চিত্র দেখা গেছে।

jagonews24বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাদুঘরে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে/ছবি: জাগো নিউজ

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই জাদুঘরের সামনে দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। ছোট-বড়, নারী-পুরুষ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে লাইন ধরে টিকিট সংগ্রহ করতে দেখা যায়। এরপর অন্য আরেকটি গেট দিয়ে তাদের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

জাদুঘরের ভেতরে প্রবেশ করে দর্শনার্থীরা ঘুরে ঘরে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আন্দোলনের নানা নিদর্শন, আলোকচিত্র ও ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছেন। অনেককে মোবাইলে জুলাইয়ের বিভিন্ন স্মৃতিচিহ্নের ছবি তুলতেও দেখা যায়।

জাদুঘরে ঘুরতে আসা দর্শনার্থী মো. নিরব বলেন, আন্দোলনের সময় জুলাইয়ের ঘটনাগুলো আমরা দেখেছি। কিন্তু এখানে এসে ছবিগুলো ও বিভিন্ন স্মারক দেখার পর সেই সময়ের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। সেসময়ের আন্দোলনের চিত্রগুলো চোখের সামনে ভেসে উঠছে। সবকিছুই ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো।

 

jagonews24দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন জুলাইয়ের ইতিহাস কাছ থেকে দেখতে/ছবি: জাগো নিউজ

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছেন ইয়াসিন। কথা হয় তারও সঙ্গেও। ইয়াসিন বলেন, আমরা কয়েকজন বন্ধ একসঙ্গে এসেছি। মাঝে-মধ্যেই এদিকে ঘুরতে আসি। জুলাই আন্দোলনের সময় আমরা নিজেরা মাঠে ছিলাম, নিজের চোখে দেখেছি। এখানে এসে সেই সময়ের ছবি ও স্মৃতিচিহ্ন দেখার পর আবারও সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তাই এদিকে ঘুরতে এলেই জাদুঘরে ঢোকা হয়।

এদিকে জাদুঘরের প্রধান ফটকে দ্বায়িত্বরত এক কর্মকর্তার সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করে তিনি বলেন, দিন দিন দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ছুটির দিনগুলোতে চাপ তুলনামূলক বেশি থাকে। দর্শনার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে জাদুঘর ঘুরে দেখতে পারেন, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা রাখছি।

jagonews24প্রতিদিন শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ আসছেন জাদুঘরে/ছবি: জাগো নিউজ

জাদুঘরের দ্বায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বললে তারা জানান, জাদুঘরটির সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার। এছাড়া শনিবার থেকে বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খোলা থাকে। আর ছুটির দিন শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।

এদিকে দর্শনার্থী ক্যাটাগরিতেও টিকিটের দামে ভিন্নতা রয়েছে। বাংলাদেশি প্রাপ্ত বয়স্ক দর্শনার্থীদের জন্য ৫০ টাকা, তিন থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ২০টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য জনপ্রতি ২ হাজার টাকা। অনলাইনে ই-টিকিট এবং সরাসরি নিবন্ধনের মাধ্যমে দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারছেন।