Image description

চট্টগ্রামে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তানকে রেখে চট্টগ্রামে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিদ হোসেন (৪৫)। শনিবার (২২ আগস্ট) সকালে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহিদ ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে ড্রয়িংরুমে নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুলির বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে পাঠান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহতের স্ত্রী শারমিন আকতার বলেন, হঠাৎ ড্রয়িংরুম থেকে বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি উনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। সংসারে হালকা যেমন ঝগড়া হতো তেমনি হয়েছে। ওর কাছে গুলি আছে জানলে আগেই সরিয়ে ফেলতাম। ও তো আমাদের ফেলে রেখে চলে গেছে। আমাদের দুটি সন্তান রয়েছে এবং আমি নিজেও এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তিনি আমাদের এভাবে ফেলে চলে যাবেন, তা ভাবতেও পারছি না।  

তিনি আরও বলেন, আমার স্বামীর মানসিক সমস্যা ছিল। তবে তিনি পুরোপুরি অসুস্থ ছিলেন না। পিস্তলটি কোথা থেকে এসেছে? পিস্তলটি তার ড্রয়ারে ছিল কি না, নাকি বাইরে থেকে আনা হয়েছিল, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি আগে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরি করতেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে পরে তিনি চাকরি ছেড়ে দেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ছাড়া ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।