Image description

রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় মূলহোতা জলিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৪৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, এ ঘটনায় এর আগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করেছিল। র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামিরা প্রায় আড়াই মাস আগে মতিঝিলে ১৭ লাখ টাকা ডাকাতির ঘটনাতেও জড়িত ছিল।

র‌্যাব জানায়, ডিএল ফিলিং স্টেশনের টাকা ডাকাতির ঘটনায় তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জনসহ মোট নয়জন জড়িত ছিল। তদন্তের ধারাবাহিকতায় মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, নতুন আইনে এসআরবি (সিভিল রিজার্ভ ব্যাটালিয়ন) কীভাবে কাজ করবে, তা সরকার নির্ধারণ করবে। কাঠামোগত পরিবর্তনের ফলে এসআরবির প্রতিটি সদস্য জবাবদিহিতার আওতায় থাকবে বলেও দাবি করেন তিনি।