রাজধানীর গুলশান থানা এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ৫৩ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গুলশান থানা সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত গুলশান থানা পুলিশের পৃথক অভিযানে গুলশান থানাধীন রোড নং-২৪ -এ অবস্থিত ‘গুলশান ওয়ান সেলুন’ এবং রোড নং-৯৯ -এ অবস্থিত ‘হট স্টোন স্পা’ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ২৪ জন পুরুষ ও ২৯ জন নারীসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়।
অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানায় পুলিশ।