Image description

পটুয়াখালীর বাউফল উপজেলার কর্মরত সাংবাদিক জি এম মশিউর রহমান মিলন চ্যানেল আইয়ের প্রকাশক শাইখ সিরাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন। মশিউর রহমানের ফেসবুক একাউন্টে প্রকাশিত একটি লাইভ ভিডিও ডাউনলোড করে অনুমতি ছাড়া প্রচার করে চ্যানেল আই। পরে মশিউর রহমানকেই কপিরাইট ক্লেইম দেয় চ্যানেল আই এর ফেসবুক পেজ। ‘মিথ্যা’ কপিরাইট দাবি করার অভিযোগে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক মশিউর রহমান  মিলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন। 

নোটিশ সূত্রে জানা গেছে, বাউফলে কর্মরত সাংবাদিক জি এম মশিউর রহমান মিলন গত ২৬ জুলাই তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি  লাইভ ভিডিও সম্প্রচার করেন। ‘চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতে ধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার’ শিরোনামের ওই ভিডিওটি ডাইনলোড করে পরে সম্প্রচার করে চ্যানেল আই ডিজিটাল। 

তথ্য অনুযায়ী, ভিডিওটিতে প্রায় ৮১৫টি লাইক, ২৭৯টি মন্তব্য এবং ২৬৭টি শেয়ার হয়েছিল, যা এর বিশাল প্রচারের প্রমাণ দেয়। 

অভিযোগে বলা হয়েছে, গত ৮ আগস্ট চ্যানেল আই কর্তৃপক্ষ ফেসবুকের ‘রাইটস ম্যানেজার’ সিস্টেম ব্যবহার করে ওই ভিডিওটির মালিকানা দাবি করে। চ্যানেল আই দাবি করে যে, ভিডিওটির একটি বড় অংশ (০০:৩৩ থেকে ০৬:০৩ মিনিট পর্যন্ত) তাদের নিজস্ব।

শাইখ সিরাজ তথা চ্যানেল আই কর্তৃপক্ষের কাছে এই নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তিনটি প্রধান দাবি জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে, অবিলম্বে ওই ভিত্তহীন কপিরাইট দাবি প্রত্যাহার করে ভিডিওটি পুনরায় সচল করার ব্যবস্থা করতে হবে, এই অনাকাঙ্ক্ষিত ও মানহানিকর ঘটনার জন্য সাংবাদিক মিলনের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং পেশাগত সম্মানহানি এবং আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা প্রদান করতে হবে। 

নোটিশে আরও বলা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে প্রচলিত কপিরাইট আইন, সাইবার নিরাপত্তা আইন এবং মানহানি আইনের অধীনে শাইখ সিরাজের বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিক মশিউর রহমান তার পেশাগত মর্যাদা রক্ষায় প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হতেও প্রস্তুত বলে নোটিশে জানানো হয়েছে।