আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সম্পন্ন করতে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
নির্বাচনের কার্যসূচি নির্ধারণ, সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, ভোটগ্রহণের সময় ও অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। এ প্রক্রিয়ায় জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও যুক্ত রয়েছেন।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবারের বৈঠক থেকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরবর্তী করণীয় নির্ধারণ এবং মূল কার্যক্রমের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
শীর্ষনিউজ