Image description

জামালপুর সদরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক (২৭) জামালপুর জজ আদালতের ইসলামপুর আমলি আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদরের সাতপাই এলাকার একেএম ফজলুল হকের ছেলে। আহত হয়েছেন প্রাইভেটকারচালক ইদ্রিস আলী (৪৬)।

জানা গেছে, ছামিউল হক প্রাইভেটকারে ঢাকার লালমাটিয়া থেকে কর্মস্থল জামালপুর ফিরছিলেন। রাতে ফাঁকা রাস্তায় দ্রুতগতিতে আসা প্রাইভেটকার লাহিড়ীকান্দা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাককে পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন এবং প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।

পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটি নষ্ট হওয়ায় দাঁড় করিয়ে চালক ও হেলপার ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেছে পুলিশ।

কালবেলা