Image description

ফ্যাসিবাদবিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র এবং সাধারণ মানুষের সম্মিলিত আন্দোলনের ফসল।

এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির আয়োজিত ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা আন্দোলনের মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করছে। ফ্যাসিবাদকে বিদায় করা গেলেও এর শিকড় এখনো পুরোপুরি নির্মূল হয়নি।

বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই সরকারের প্রতি সম্মান প্রদর্শন করা সবার দায়িত্ব।
দেশের পরিবর্তনে তরুণদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ এবং ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমতকে গ্রহণ করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো। বিগত শাসনামলে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। বিরোধী মত দমন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়া এবং দীর্ঘদিনের শোষণ-বঞ্চনার বহিঃপ্রকাশই ছিল জুলাই গণঅভ্যুত্থান।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পর জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। জুলাইয়ের ঐক্যে বিভেদ সৃষ্টি হলে অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার এবং কৃষি তথ্য সার্ভিসের পরিচালক মো. মসীহুর রহমান।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ব্যারিস্টার ফারজানা শারমীন সাত দিনব্যাপী ‘আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।