Image description

চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হয়েছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ মামলায় তিনি ছাড়াও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে। 

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। 

প্রসিকিউশন জানায়, এ ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত করে তদন্ত সংস্থা। দীর্ঘ তদন্ত শেষে চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। বর্তমানে তা পর্যালোচনা চলছে। এরপর ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবারই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।