Image description

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি এবং পিপার স্প্রেসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন। 

এর আগে বুধবার বিকেলে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন। তবে এদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন।

এদিন দুপুর দেড়টার দিকে কড়া পুলিশি পাহারায় তাকে আদালতে তোলা হয়। পরে তার আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের ওই আদেশ দেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারনামীয় ১৭ নম্বর আসামি জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সহায়ক হবে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ মামলার এজাহারনামীয় ১১১ আসামিসহ অজ্ঞাতনামা ২৫০/৩০০ জন মারাত্মক অস্ত্রসহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে সকাল থেকে অবস্থান করে সারা দিন থাকে। দিনভর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর করে। আসামিরা রাস্তার ওপর অন্তর্ঘাতমূলক কার্যক্রম করে রাস্তা বন্ধ করে। জনসাধারণের চলাচলে এবং খালেদা জিয়া যেন সমাবেশে যোগদান করতে না পারেন, সে জন্য রাস্তার ওপর ত্রাস সৃষ্টি করে। গণতান্ত্রিক অধিকার হরণ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কর্মসূচি অনুযায়ী ২০১৩ সালের ২৯ ডিসেম্বর সকাল ৯টার সময় খালেদা জিয়া তার সফরসঙ্গীদের নিয়ে সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে আসামিরা রাস্তায় বাধা দেয় এবং রাস্তার আশপাশে বালুর ট্রাকসহ বিভিন্ন ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড তৈরি করে।

খালেদা জিয়া বারবার চেষ্টা করা সত্ত্বেও আসামিরা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং হত্যার উদ্দেশ্যে নিষিদ্ধ পিপার স্প্রে ব্যবহার করে। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা নেতাকর্মীরা আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবর মাসে গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। 

Colleges& Universities

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট রাত দেড়টার দিকে ভাটারা থানাধীন এলাকার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।